ঈদগাঁও- খুরুশকুলে একাধিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে ব্যস্থতম সময় পার করেছেন কক্সবাজার-৩ আসনের সংসদ-সদস্য লুৎফুর রহমান কাজল।
শনিবার ( ২৫ এপ্রিল ) সকাল ১০ টায় খুরুশকুল ইউনিয়ন পরিষদের মাঠে ৪০২ জন জেলে পরিবারের মাঝে সরকারের দেওয়া প্রণোদনার (ভি.জি.এফ) চাউল বিতরণ করা হয়েছে। প্রতিজন জেলেকে ৭৫ কেজি করে চাল প্রদান করা হয়। খুরুশকুল ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের কাজির ডেইল, উত্তর হিন্দু পাড়া, ৮ নং ওয়ার্ডের মনু পাড়া, কুনারা পাড়া, লমাজি পাড়া, ৯ নং ওয়ার্ডের কুলিয়া পাড়া, দক্ষিণ হিন্দু পাড়া, রুহুলার ডেইল, সাম্পান ঘাট এলাকার তালিকাভুক্ত জেলেরা পেয়েছে এই চাউল সহায়তা।
সরকারি এই সহায়তা কর্মসূচির আওতায় সামুদ্রিক মাছ আহরণের নিষেধাজ্ঞার সময় জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এসব খাদ্যশস্য বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি কাজল বলেন, 'মাছ ধরা থেকে বিরত থাকতে প্রতিটি পরিবারকে সরকার নির্ধারিত ৭৫ কেজি করে চাল দেওয়া হয়; শুধু চাল থাকলেই চলে না, তেল, ডাল, নুন এবং ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার জন্য তাদের নগদ অর্থের প্রয়োজন হয়, যা সরকারি সহায়তায় অন্তর্ভুক্ত থাকে না। এজন্য একটি পরিবারকে ১৫ হাজার টাকা করে পাওয়ার ব্যবস্থা করতে হবে।'
জেলেদের তালিকা নিয়ে তিনি বলেন, 'অনেক ক্ষেত্রেই প্রকৃত জেলেদের নামের তালিকা সঠিক না হওয়ায় অনেকেই এই সহায়তা থেকে বঞ্চিত হন। তাছাড়া পুরনো তালিকায় অনেকেই নেই ; তাহলে চাউলগুলো কারা পায়? এজন্য নতুন করে তালিকা করতে হবে। প্রণোদনার চাল নিয়ে কোনো অভিযোগ পেলে সাথে সাথে আইনি ভাবে ব্যবস্থা নেওয়া হবে।'
এরপর সাড়ে ১১ টার দিকে ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের রাবার ড্যামের আওতাধীন জিয়া খাল ৩ কিলোমিটার পুন: খনন কাজের উদ্বোধন করেন এমপি কাজল। রাবার ড্যামের আওতাধীন জিয়া খাল ৩ কিলোমিটার পুন: খননের কাজে কোদাল হাতে খাল খননে নামেন এমপি কাজল।
এসময় তিনি বলেন, 'জিয়া খালের পুনঃখননের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসন হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
খাল খনন কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। এতে পানির সমস্যার সমাধান হবে বলে মনে করছেন স্থানীয়রা।
পরে তিনি শহরের ৩ নং ওয়ার্ডের এন্ডারসন সড়কে পরিস্কার -পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। সেখানে তিনি কিছু সময় অতিবাহিত করেন।