কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক শীর্ষ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। সোমবার দিবাগত রাত (মঙ্গলবার, ১৮ আগস্ট) ১টা ১০ মিনিটের দিকে টেকনাফ থানাধীন ছৈয়দ বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম মোহাম্মদ হারুন (৩২)। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ১নং ওয়ার্ডের বালুখালী এলাকার ছৈয়দ আহম্মদের ছেলে। র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত মোহাম্মদ হারুনের বিরুদ্ধে মাদকের একটি পুরনো মামলা ছিল। ওই মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকেই হারুন আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশ ধারণ করে পলাতক জীবনযাপন করে আসছিলেন।
অবশেষে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৫ (সিপিসি-২) এর একটি বিশেষ আভিযানিক দল টেকনাফের ছৈয়দ বাড়ি এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, মাদক সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে র্যাবের এই কঠোর ও আপসহীন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ হারুনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।