কুতুবদিয়ায় নতুন সবজি কাঁকরোলের দাম প্রতি কেজি ২০০ টাকায় উঠেছে। বাজারে অন্যান্য সবজির দাম কিছুটা কম থাকলেও কাঁকরোলের কেজি ২০০ টাকায় বিক্রি করায় হতাশ ক্রেতারা।
ধুরুংবাজারে নকীব মেডিকেল হলের কেমিষ্ট মোহাম্মদ রুবেল ও মিজানুর রহমান জানান, শনিবার কাঁচা বাজারে নতুন সবজির দাম আকাশচুম্বি। ২৫০ গ্রাম কাঁকরোলের দাম ৫০ টাকা।
বড়ঘোপ হাসপাতাল গেইটে খুচরা সব্জি বিক্রেতা ছরোয়ার বলেন, ২০০ টাকা কেজি কাঁকরোল। আজকেই (শনিবার) চকরিয়া থেকে আনা হয়েছে। দাম কমতে আরো দু'সপ্তাহ লাগতে পারে।
অন্যদিকে বড়ঘোপ বাজারে খুচরা কাঁকরোল বিক্রি হচ্ছে কেজি ১৬০ টাকা। হাসপাতাল গেইট ও ধুরং বাজারে ব্যবসায়ীরা কেজিতে ৪০ টাকা বাড়তি নিলেও নেই কোন তদারকি।
বড়ঘোপ বাজারের পাইকারি সব্জি বিক্রেতা আবুল ফারুজ সওদাগর জানান, বাঁশখালী বা চকরিয়া থেকে প্রতি কেজি সবজি আনতে পরিবহন ও শ্রমিক খরচ পড়ে ৮ টাকা। চট্টগ্রাম থেকে একই পণ্য আনতে খরচ পড়ে কেজিতে ৪ টাকা। কাজেই নতুন সবজি কেজি খুচরা ১৬০ টাকার উপরে নেওয়ার প্রয়োজন নেই।
এছাড়া বাজারে পটল ৯০ টাকা, করলা, বটবটি, শিম কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি বাজারে সবজির দামে অধিক পার্থক্য রোধে নিয়মিত প্রশাসনকে তদারকি করার আহ্বান জানান ক্রেতারা।