কুতুবদিয়া চ্যানেলে বড়ঘোপ সি-ট্রাক ঘাটে পন্টুনের একটি সাপোর্ট পিলার হঠাৎ শিকল ছিঁড়ে কাত হয়ে পড়েছে, এতে জেটির নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
রবিবার (৩ মে) বিকাল প্রায় ৪টার দিকে বিকট শব্দে পিলারটির শিকল ছিঁড়ে গেলে এ ঘটনা ঘটে। স্থানীয়দের আশঙ্কা, জোয়ারের পানি বৃদ্ধি পেলে এবং সি-ট্রাক ভিড়লে জেটি আরও ঝুঁকির মুখে পড়তে পারে।
প্রত্যক্ষদর্শী ও ছাত্র প্রতিনিধি শাহেদুল ইসলাম মুরাদ জানান, বিকালে হঠাৎ বিকট শব্দে পন্টুনের সাপোর্ট পিলারটি শিকল ছিঁড়ে কাত হয়ে পড়ে। এ সময় পারাপারের জন্য অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সরেজমিনে দেখা যায়, পুরো পন্টুনে মাত্র চারটি সাপোর্ট পিলার রয়েছে। এর মধ্যে দুটি পিলারের লোহার শিকল ছিঁড়ে গেছে এবং একটি পিলার কাত হয়ে রয়েছে। ফলে পন্টুনটি নড়বড়ে হয়ে পড়েছে, যা জেটির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ফ্লোট-৬ কুতুবদিয়া সি-ট্রাক ঘাটের গেট অপারেটর শওকত হোসেন জানান, ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।