সদ্য প্রকাশিত এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং মহেশখালী উপজেলার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) উপজেলা টিডিসি হলে আয়োজিত এই সভায় ফলাফল বিপর্যয় হওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলমগীর ফরিদ বলেন, "শিক্ষার গুণগত মান উন্নয়নে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। যেসব প্রতিষ্ঠানে আশঙ্কাজনকভাবে পাসের হার কমেছে বা রেজাল্ট বিপর্যয় ঘটেছে, সেগুলোর কারণ অনুসন্ধানে বিশেষ তদারকি চালানো হবে। প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি মহেশখালীর শিক্ষা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে শিক্ষক ও পরিচালনা পর্ষদকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"
মহেশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম।
সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ অংশগ্রহণ করেন। এতে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষার সার্বিক পাসের হার, জিপিএ-৫ প্রাপ্তি, পেছনের সারির প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা চিহ্নিতকরণ এবং শিক্ষার্থীদের মানোন্নয়নে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।