প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজার -৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন, "আমরা যদি প্রকৃত অর্থে নিজ নিজ ধর্মের মূল শিক্ষা ও নৈতিক অনুশাসন মেনে চলতাম, তাহলে সমাজে অপরাধ প্রবণতা নিঃসন্দেহে অনেক কমে যেতো। যারা সম্প্রদায়ের মধ্যে সংঘাত সৃষ্টি করতে চায়, তারা মানুষ রুপি শয়তান। তাই ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।"
শুক্রবার (১৩ নভেম্বর ) বিকেলে রামু সিমা বিহারে অনুষ্টিত কঠিন চিবর দান -২০২৬ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন। বিশ্বের সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গল কামনায় এ দান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন শ্রীকুল মৈত্রী বিহার_এর অধ্যক্ষ ভদন্ত বিজয় রক্ষিত মহাথের।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেছেন, "আমরা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অনেকেই নিজেকে শ্রেষ্ঠত্বের দাবি করি, এখান থেকেই শুরু হয় হিংসা, বিদ্বেষ, হানাহানি। যদি ভালো মানুষ হিসেবে আমরাই শ্রেষ্ঠ বলে নিজেদের দাবি করতে পারি, তাহলে এই ধর্ম নিয়ে টানাটানি মারামারি কখনো হতো না। আগে আমাদের ভালো মানুষ হতে হবে। নিজেদের মধ্যে মনুষ্যত্ব তৈরি করতে হবে। "
এসময় ভিক্ষু প্রয়াত উপ শঙ্করাজ সত্য প্রিয়-এর স্মৃতিচারণ করে তিনি বলেন, "তিনি আমাকে খুব স্নেহ করতেন। আমি অনেকবার তার কাছে এসেছি। তিনি আমাকে অনেক বিপদআপদে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আজ এখানে এসে বার-বার তার কথা মনে পড়ছে। "
বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য অনুসারে, প্রায় আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধের জীবদ্দশায় মহাপুণ্যবতী বিশাখা কঠিন চীবর দানের প্রবর্তন করেন। সেই প্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতিবছর বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ মহাপুণ্যময় দানানুষ্ঠানে অংশ নেন। বর্ষাবাস পরে আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত বর্ষাবাস পালনকারী বিহারগুলোতে কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়।
এসময় রামু উপজেলা বিএনপি নেতা ফোরকান আহমদ, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন, মেহেরাজ আহমেদ মাহিন চৌধুরী, নুরুল আবছার, কানন বড়ুয়া বিশাল, আতিকুল হক, মিথুন বড়ুয়া বোথামসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।