সংরক্ষিত মহিলা আসন-৩২১ এর নব নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না বলেছেন, বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামে নেতা-কর্মীদের যখনই ডাক দিয়েছি, তখনই অভূতপূর্ব সাড়া পেয়েছি। নেতা-কর্মীদের অপরীসীম ত্যাগের জন্য সকল সাংগঠনিক কর্মসূচী সফল করতে পেরেছি। আমার প্রতি নেতা-কর্মীদের এই অগাধ ভালবাসার প্রতিদান আমি শুধু একজন্মে শোধ করতে পারবোনা। যদি পরজন্ম বলে কোনকিছু থেকে থাকে, তাহলে সেই পরজন্মতেও আমি নেতা-কর্মীদের কথা মনে রাখবো।
সোমবার (৪ এপ্রিল) সংরক্ষিত মহিলা আসন-৩২১ এর নব নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না কে দেওয়া সংবর্ধনার জবাবে তিনি একথা বলেন। অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এমপি আরো বলেন, কক্সবাজার পর্যটন নগরী হলেও এখানকার স্বাস্থ্য ব্যবস্থা খুবই নাজুক। কক্সবাজারে কোন কিডনি ডায়ালসিস সেন্টার নেই। কক্সবাজারের কিডনি রোগীদের অনেক কষ্ট করে কক্সবাজারের বাহিরে গিয়ে কিডনি ডায়ালসিস করতে হয়। এজন্য অচিরেই কক্সবাজার জেলা সদর হাসপাতালে কিডনি ডায়ালসিস সেন্টার স্থাপন করা হবে। তিনি বলেন, কক্সবাজার শহরের জলবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। যাতে শহরবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি পায়।
কক্সবাজার জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এমপি বলেন, তাঁকে নেতা-কর্মীরা অতীতে সবসময় পেয়েছেন, এখনো নিয়মিত পাবেন। কক্সবাজার অবস্থানকালীন সময়ে প্রতিদিন রাত ৮টা থেকে রাত ১০ টা পর্যন্ত ২ঘন্টা করে কক্সবাজার জেলা বিএনপি অফিসে তিনি নিয়মিত বসবেন। যাতে নেতা-কর্মীদের সকল দুঃখ কষ্টের কথা তিনি সহজে শুনতে পারেন। নেতা-কর্মীদের মনের কথা মহান জাতীয় সংসদে তুলে ধরবেন বলে জানান, দেশের প্রথম মহিলা এই পিপি।
সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না আরো বলেন, তাঁর এ অবস্থানে আসার পুরো কৃতিত্ব কক্সবাজার জেলা বিএনপি, সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। কারণ দীর্ঘ ১৭ বছর তাঁরা অমানবিক নির্যাতন, কষ্ট, মামলা, জেল জুলুম সহ্য করে সংগঠনের সাথে ছিলেন।
কক্সবাজার জেলা বিএনপি'র সহ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে কক্সবাজার জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলামের সঞ্চালনায় কক্সবাজার জেলা বিএনপি অফিস চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি আবু বকর ছিদ্দিক, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যক্ষ আকতার চৌধুরী, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোবারক আলী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি নুরুল ইসলাম হেলালী, জেলা বিএনপি নেতা এম. মোকতার আহমদ, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আহমদ উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুছ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পিপি অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু, কক্সবাজার রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন শত শত নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না কক্সবাজার বিমানবন্দরে আসলে তাঁকে দলের সর্বস্থরের নেতাকর্মীরা ফুল দিয়ে ব্যাপকভাবে সংবর্ধিত করেন। বিমানবন্দর থেকে বিশাল মিছিল ও মোটর শোভা যাত্রা সহকারে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে আসেন তিনি। সেখানেও তাঁকে ব্যাপকভাবে সংবর্ধিত করা হয়।
প্রসঙ্গত, গত ৩ এপ্রিল জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না সহ ৪৯ জন এমপি শপথ নেন। শপথ নিয়ে তিনি সর্বপ্রথম কক্সবাজার আসলে তাঁকে এই উঞ্চ গণসংবর্ধনা প্রদান করা হয়।