টেকনাফের সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকাকে ওয়ার্ড পুনর্বিন্যাসের মাধ্যমে দুই ভাগ করার প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, ওয়ার্ড পুনর্বিন্যাস করা হলেও কচুবনিয়া এলাকাকে যেন কোনোভাবেই বিভক্ত করা না হয়। রোববার বিকেলে মানববন্ধনের কারণে প্রায় এক ঘণ্টা টেকনাফ-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
বিকেল তিনটার দিকে সাবরাং নয়াপাড়া বাজারের প্রধান সড়কে কচুবনিয়াবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা কচুবনিয়া বিভক্তির প্রস্তাব বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কচুবনিয়ার বাসিন্দারা প্রায় ৫০ বছর ধরে সাবরাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বসবাস করছেন। সম্প্রতি ওয়ার্ড পুনর্বিন্যাসের উদ্যোগে এলাকাটিকে দুই ভাগ করে পৃথক দুটি ওয়ার্ডের সঙ্গে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এতে একই এলাকার বাসিন্দা ও পরিবারের সদস্যরা ভিন্ন ওয়ার্ডের অন্তর্ভুক্ত হয়ে পড়বেন। ফলে দীর্ঘদিনের সামাজিক ও পারিবারিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দা ইউনুস গাজী বলেন, কচুবনিয়ার একাংশ নয়াপাড়া, লাফারঘোনা ও গোলাপাড়ার সঙ্গে এবং অপর অংশ কাটাবনিয়ার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে একই এলাকার বাসিন্দাদের মধ্যে প্রশাসনিক বিভাজন তৈরি হবে।
সাবেক ইউপি সদস্য জাফর আহমদ বলেন, ‘আমরা ওয়ার্ড পুনর্বিন্যাসের বিপক্ষে নই। আমরা কচুবনিয়া এলাকাকে বিভক্ত করার বিপক্ষে। কচুবনিয়া যে ওয়ার্ডের সঙ্গে যুক্ত হবে, পুরো এলাকাকেই সেই ওয়ার্ডের আওতায় রাখতে হবে।’
মানববন্ধনে ‘কচুবনিয়া দ্বিখণ্ডিত করার সিদ্ধান্ত মানি না, মানবো না’ সহ বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাবটি পুনর্বিবেচনা করে কচুবনিয়াকে এক ওয়ার্ডের আওতায় রাখার দাবি জানানো হয়। দাবি মেনে নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন স্থানীয় বাসিন্দারা।