সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের নির্দেশে চকরিয়ার কোনাখালীতে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো চারটি পরিবারের মাঝে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এই মানবিক সহায়তা তুলে দেওয়া হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বলেন, গত বুধবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যাওয়ায় পরিবারগুলো বর্তমানে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। বিষয়টি জানার পর আমাদের জননেতা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ দ্রুত তাদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তাঁরই পক্ষ থেকে আমরা আজ এই জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। যেকোনো দুর্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় আর্তমানবতার পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ, কোনাখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল কালাম, সদস্য সচিব মোহাম্মদ ইউনুসসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য যে, গত ৮ এপ্রিল (বুধবার) রাত আনুমানিক ৯টার দিকে কোনাখালী ইউনিয়নের ইছুবর পাড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মুহূর্তের মধ্যে চারটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। সহায়-সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে থাকা এই পরিবারগুলোর মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর এই তাৎক্ষণিক সহায়তা কিছুটা হলেও স্বস্তি বয়ে এনেছে।