চলতি বছর দেশের গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নে একটি করে প্রাথমিক স্বাস্থ্য সেবা ইউনিট স্থাপন করবে সরকার। দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহকে ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শয্যাসংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় জনবল ও ঔষধ এবং সরঞ্জাম নিশ্চিত করা হবে।
সোমবার (০৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সকালের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার -৩ ( সদর, রামু, ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন সংসদে এ তথ্য জানান।
এমপি লুৎফুর রহমান কাজল তাঁর প্রশ্নে জানতে চেয়েছিলেন, বর্তমানে গ্রাম পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ কী কী; এবং ওই পদক্ষেপ গ্রহণের ফলে অর্জিত সফলতা কী?
সংসদ সদস্যর এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন সংসদে জানান, চলতি বছর দেশের গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। এ উদ্যোগ বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে এবং প্রধানমন্ত্রী নিজেই বিষয়টি পর্যবেক্ষণ করছেন।
তিনি বলেন, বর্তমানে সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে একটি করে প্রাথমিক স্বাস্থ্য সেবা ইউনিট স্থাপন করবে। যেখানে বিনামূল্যে স্বাস্থ্য সংক্রান্ত সাধারণ রোগের চিকিৎসা ও ঔষধ প্রদান করা হবে। প্রতিটি স্বাস্থ্য সেবা ইউনিটে একটি মিনি ল্যাবরেটরী ও ফার্মেসী থাকবে, এবং এর অধীনে ৩টি (তিন) কমিউনিটি ক্লিনিক বা প্রান্তিক স্বাস্থ্য সেবা কেন্দ্র থাকবে। এছাড়া, দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহ-কে ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল এ উন্নীতকরণের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শয্যাসংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় জনবল ও ঔষধ এবং সরঞ্জামাদী নিশ্চিত করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন অর্থবছরের বাজেট কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে গ্রামপর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের কার্যক্রম শুরু হয়েছে। সরকারের লক্ষ্য শুধু ঘোষণা দেওয়া নয়, বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।