কক্সবাজারের উখিয়ায় ইনানীর একটি ভাড়া বাসা থেকে সুমি আক্তার মীম (২৯) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় ‘হোটেল সি পার্ল’-এর স্পা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের ইনানীর মো. শফির বিল এলাকার একটি বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত সুমি আক্তার মীম ঢাকার উত্তর সিটি করপোরেশনের ফায়দাবাদ কাঁঠালতলা এলাকার বাসিন্দা কামাল হোসেনের মেয়ে। কর্মস্থলের সুবিধার্থে গত প্রায় পাঁচ মাস ধরে তিনি ইনানীর মো. শফির বিল এলাকার ওই ভাড়া বাসায় একাই বসবাস করে আসছিলেন।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোষ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহটি উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে পুলিশ নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। ফাঁড়ি ইনচার্জ বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পুলিশের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।