কক্সবাজারের টেকনাফের লবণ মাঠে মাটির নিচে ‘সশস্ত্র গোষ্ঠীর লুকিয়ে রাখা’ হ্যান্ড গ্রেনেড, গুলি ও গাঁজা উদ্ধার করেছে কোস্ট গার্ড।
রোববার (১৪ জুন) দুপুরে কোস্ট গার্ড টেকনাফ স্টেশন দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, টেকনাফ স্টেশন ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী।
তবে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী বলেন, ‘শনিবার রাত ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকায় সশস্ত্র গোষ্ঠীর কতিপয় দুর্বৃত্ত সীমান্ত ব্যবহার করে পাচারের উদ্দ্যেশে মাটির নিচে মজুদ করার তথ্য পায় কোস্ট গার্ড। পরে কোস্ট গার্ডের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় লবণ মাঠে তল্লাশি চালিয়ে মাটির খুঁড়ে পাওয়া যায় ১০টি হ্যান্ড গ্রেনেড, ২৮টি গুলি ও দুই কেজি গাঁজা।
তিনি বলেন, ‘উদ্ধার করা হ্যান্ড গ্রেনেডগুলো মিয়ানমার সেনাবাহিনীর ব্যবহৃত গ্রেনেড সদৃশ। বাংলাদেশের সীমান্ত ব্যবহার কতিপয় সশস্ত্র গোষ্ঠীর পাচার কিংবা নাশকতা সৃষ্টির উদ্দেশে মজুদ রেখেছিল।’
উদ্ধার করা অস্ত্রের চালান মজুদের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কোস্ট গার্ড তৎপরতা অব্যাহত রেখেছে বলে জানান লে. কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী।
তিনি জানান, এ ঘটনায় টেকনাফ থানায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।