সাগরলতায় ঢেকেছে বালিয়াড়ি, ফুলে ফুলে সেজেছে প্রবেশপথ, সবুজ কেয়াবনে ফিরেছে প্রাণ। তবে পর্যটকদের অসচেতন চলাচল ও বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতায় আবারও বিপন্ন হতে পারে দ্বীপের সংবেদনশীল জীববৈচিত্র্য।
দ্বীপ ঘুরে সরজমিনে দেখা যায়-নীল সমুদ্রের বুকে সবুজের এক টুকরো দ্বীপ। বালিয়াড়িজুড়ে ছড়িয়ে পড়েছে সাগরলতা। ফুটেছে নানা প্রজাতির ফুল। সবুজ কেয়াগাছে ধরেছে ফল। কোথাও সারি সারি নারিকেলগাছ, কোথাও উপকূলের প্রাকৃতিক ঢাল হয়ে দাঁড়িয়ে আছে কেয়াবন। স্বচ্ছ নীল পানির নিচে দৃশ্যমান প্রবালও যেন নতুন করে জানান দিচ্ছে দ্বীপের প্রাণবৈচিত্র্যের কথা। কক্সবাজারের টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমার্টিন এখন এমনই এক সবুজ-সুন্দর রূপে সেজেছে।
দীর্ঘ ৯ মাস পর্যটকদের আনাগোনা না থাকায় বদলে গেছে দ্বীপের চিত্র। একসময় ময়লা-আবর্জনায় নোংরা থাকা প্রবেশপথ এখন সাগরলতা, ফুল ও কেয়াগাছে ঘেরা। কিন্তু পর্যটন মৌসুমে মানুষের অবাধ বিচরণ, অসচেতনতা এবং বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতায় এই সৌন্দর্য কত দিন টিকবে, তা নিয়ে উদ্বেগ রয়েছে পরিবেশসংশ্লিষ্ট ব্যক্তিদের।
তাঁদের আশঙ্কা, পর্যটকদের অসচেতন আচরণে সাগরলতা, কেয়াবন, প্রবালসহ দ্বীপের সংবেদনশীল জীববৈচিত্র্য আবারও ক্ষতিগ্রস্ত হতে পারে। এ জন্য শুধু সচেতনতামূলক প্রচার নয়, প্রয়োজন কার্যকর নজরদারি, পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থাপনা এবং পর্যটকদের দায়িত্বশীল আচরণ।
পর্যটকের পদচারণায় ঝুঁকিতে প্রকৃতি
সেন্টমার্টিনের প্রবেশপথে এখন চোখে পড়ে সাগরলতার বিস্তার, নানা প্রজাতির ফুল আর সবুজ কেয়াগাছ। পর্যটকশূন্য দীর্ঘ সময়ে প্রকৃতি অনেকটাই নিজের মতো করে বেড়ে ওঠার সুযোগ পেয়েছে। দ্বীপের যেসব জায়গা আগে ময়লা-আবর্জনায় নোংরা থাকত, সেগুলো এখন অনেক বেশি পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন।
দ্বীপে বেড়াতে আসা পর্যটক আতুল আহসান বলেন, আগে সেন্টমার্টিনের প্রবেশপথের দুই পাশে তেমন গাছপালা বা ফুল ছিল না। ছড়িয়ে-ছিটিয়ে থাকত ময়লা-আবর্জনা। এখন সাগরলতা, নানা প্রজাতির ফুল, সবুজ কেয়াগাছ ও ফলের সমারোহে পরিবেশটি অনেক সুন্দর হয়েছে। প্লাস্টিকের ব্যবহার ও যত্রতত্র বর্জ্য ফেলার প্রবণতাও কমেছে।
তবে এই সৌন্দর্য ধরে রাখতে পর্যটকদের দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
পর্যটক রিয়াদ হোসেন বলেন, সেন্টমার্টিনের পরিবেশ রক্ষার দায়িত্ব সবার। পরিবেশের ক্ষতি হয়, এমন কাজ থেকে প্রত্যেককে বিরত থাকতে হবে। সম্মিলিত সচেতনতাই পারে দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষা করতে।
পর্যটক তোফায়েল আহমেদের মতে, পর্যটকদের মধ্যে একটি প্রবণতা রয়েছে দ্বীপ থেকে স্মৃতিচিহ্ন হিসেবে প্রবাল, শৈবাল বা বিভিন্ন প্রাকৃতিক উপাদান সংগ্রহ করে নিয়ে যাওয়ার। এটি দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। তাই এসব সংগ্রহ করা থেকে সবাইকে বিরত থাকতে হবে।
প্রয়োজন সমন্বিত ব্যবস্থাপনা
পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শুধু পর্যটকদের সচেতন করলেই সেন্টমার্টিনের পরিবেশ রক্ষা করা সম্ভব নয়। পর্যটন মৌসুমে দ্বীপের সংবেদনশীল এলাকাগুলোতে নিয়মিত নজরদারি, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণে বিশেষ ব্যবস্থা নিতে হবে।
সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, সেন্টমার্টিন দেশের জাতীয় সম্পদ। এর পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় পর্যটকদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনাগুলো জাহাজের মাধ্যমে প্রচার করা হবে। জেলা প্রশাসনও ঘাটে সচেতনতামূলক প্রচারণার ব্যবস্থা করেছে।
তবে শুধু প্রচার-প্রচারণা যথেষ্ট নয় বলে মনে করেন তিনি। তাঁর ভাষায়, প্রকৃতির প্রতি দায়বদ্ধতা ও দেশপ্রেম থেকেই প্রত্যেককে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।
হোসাইন ইসলাম বাহাদুর আরও বলেন, পরিবেশ মন্ত্রণালয় নির্ধারিত ১০০ টাকা পরিবেশ ফি যথাযথভাবে কার্যকর করা গেলে এবং পরিবেশ সংরক্ষণে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ত করা হলে বছরজুড়ে দ্বীপটি পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া সম্ভব হবে। পর্যটকদের অপচনশীল বর্জ্য যেখানে-সেখানে না ফেলারও আহ্বান জানান তিনি।
অন্যদিকে পর্যটন মৌসুমে পর্যাপ্ত সরকারি তদারকির অভাবের কথা তুলে ধরেন সেন্টমার্টিন দ্বীপের হোটেল-রিসোর্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি কেফায়েত খান।
তিনি বলেন, বর্তমানে দ্বীপটি কেয়াগাছ, সাগরলতা ও নানা সামুদ্রিক প্রাণীর সমৃদ্ধিতে সবুজে ঘেরা। কিন্তু পর্যটন মৌসুমে পর্যটকদের অবাধ বিচরণে এসব প্রাকৃতিক সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশ রক্ষায় সরকারিভাবে স্বেচ্ছাসেবক দল বা বিশেষ তদারকি টিম গঠন করা জরুরি। এসব দল নিয়মিত দ্বীপের প্রাকৃতিক পরিবেশ পর্যবেক্ষণ ও সংরক্ষণে কাজ করলে জীববৈচিত্র্য রক্ষা করা অনেক সহজ হবে।
সাগরলতা ও কেয়াবন শুধু সৌন্দর্য নয়, প্রাকৃতিক সুরক্ষাও
সেন্টমার্টিনের সাগরলতা ও কেয়াগাছ শুধু দ্বীপের সৌন্দর্য বাড়ায় না, উপকূলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাগরলতা বালিয়াড়ির বালু স্থিতিশীল ও উঁচু রাখতে সহায়তা করে। অন্যদিকে কেয়াগাছ উপকূলীয় ভাঙন ও ক্ষয় রোধে প্রাকৃতিক প্রতিরক্ষা হিসেবে কাজ করে।
দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনার কথা জানিয়েছে কোস্টগার্ড।
সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মারুফ আহমেদ সৌখিন বলেন, সেন্টমার্টিন অত্যন্ত সংবেদনশীল একটি প্রবালদ্বীপ। তাই এখানকার প্রতিটি প্রাকৃতিক বৈচিত্র্য ও জীববৈচিত্র্য রক্ষা করা গুরুত্বপূর্ণ। পর্যটকদের নিয়মিত সচেতন করার পাশাপাশি কোস্টগার্ড সদস্যরা মাঠপর্যায়ে কাজ করছেন।
তিনি আরও বলেন, দ্বীপের সুরক্ষায় নিয়মিত টহল, ফুট পেট্রোল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিবেশের ক্ষতি করতে পারে, এমন কর্মকাণ্ড থেকে পর্যটকদের বিরত থাকতে উৎসাহিত করা হচ্ছে।
পরিবেশ অধিদপ্তরও দ্বীপের উদ্ভিদ ও উপকূলীয় পরিবেশ রক্ষায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা বলেন, সেন্টমার্টিনের পরিবেশ ও উপকূলীয় সুরক্ষায় সাগরলতা ও কেয়াগাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাগরলতা বালিয়াড়ির বালু স্থিতিশীল রাখতে সহায়তা করে। আর কেয়াগাছ জোয়ার-ভাটার প্রভাবে সৃষ্ট উপকূলীয় ভাঙন ও ক্ষয়রোধে ভূমিকা রাখে।
তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের অভিযোজন প্রকল্পের আওতায় ইতিমধ্যে দ্বীপে প্রায় ৬ হাজার ৫০০টি গাছ রোপণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ কার্যক্রম জোরদার করতে গত বছর নয়জন জনবলও নিয়োগ দেওয়া হয়েছে। দ্বীপের সংবেদনশীল এলাকায় মানুষের প্রবেশ নিয়ন্ত্রণে লাল পতাকা স্থাপন করা হয়েছে। এ ছাড়া সমুদ্রতীরবর্তী এলাকায় মোটরসাইকেলসহ যানবাহন চলাচল বন্ধ রাখতে প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে।
নয় মাস পর্যটকশূন্য থাকার পর সেন্টমার্টিনের প্রকৃতি যেন নতুন করে ফিরে পেয়েছে তার প্রাণ। কিন্তু পর্যটন মৌসুমে সেই প্রকৃতিকে কতটা সুরক্ষিত রাখা যাবে, সেটিই এখন বড় প্রশ্ন। পর্যটন দ্বীপের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হলেও পরিবেশের ক্ষতি করে সেই পর্যটন দীর্ঘ মেয়াদে দ্বীপের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলতে পারে। তাই নিয়মিত তদারকি, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং পর্যটকদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি। প্রকৃতির এই অনন্য সৌন্দর্য রক্ষা করা শুধু প্রশাসন বা পরিবেশকর্মীদের দায়িত্ব নয়, দায়িত্ব প্রতিটি পর্যটকেরও।