সাংবাদিকদের আধুনিক ডাটাবেজ তৈরি করা হচ্ছে। এ কাজ সম্পন্ন হলে প্রকৃত সাংবাদিকরা পাবেন 'ইউনিক আইডি নাম্বার'। যা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সংরক্ষিত থাকবে।
কক্সবাজার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার ও পেশাগত নীতি-নৈতিকতা” বিষয়ক সেমিনার ও কর্মশালায় এ তথ্য প্রকাশ করা হয়। বৃহস্পতিবার (৭ মে) কক্সবাজারের হিল ডাউন সার্কিট হাউজের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আবদুল হাকিম।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি একেএম আবদুল হাকিম বলেন, দেশে বর্তমানে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এ প্রেক্ষাপটে তিনি আশা প্রকাশ করেন সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে।
এছাড়াও তিনি কর্মশালায় গণমাধ্যমকর্মীদের আইনগত অধিকার ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো: শাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আলোচক ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো: আব্দুস সবুর, বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার, জেলা তথ্য অফিসার আব্দুছ ছাত্তার, দৈনিক সৈকত সম্পাদক মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, জ্যেষ্ঠ সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারী প্রমুখ। সেমিনার ও কর্মশালায় কক্সবাজারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৫০ জন সাংবাদিক অংশ নেন।