কক্সবাজার সদর থানা এলাকার কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।
গত সোমবার (১৯ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. সৈয়দ আলম (৪৫)। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দেছুয়াপালং (হাকীম আলীর বাপের পাড়া) এলাকার আঃ শুক্কুর ও নুরজাহান দম্পতির ছেলে।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানায় দায়েরকৃত একটি মাদক মামলায় বিজ্ঞ আদালত ৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাঁকে সংশ্লিষ্ট রামু থানায় হস্তান্তর করা হয়েছে।