কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ল্যান্ড ক্রুজার জিপসহ ওবায়দুল হাসান (৪১) নামের এক সাবেক লেন্স করপোরালকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রাত ৮টা ৪০ মিনিটে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার ৩ নম্বর গেইটের সামনে এই অভিযান পরিচালিত হয়।
ওসি শেখ মোহাম্মদ আলী জানান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর দিকনির্দেশনায় তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল বাস টার্মিনাল এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহজনক একটি ল্যান্ড ক্রুজার জিপ (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা-মেট্রো-ঘ-২১-৩২২৩) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়িটি থেকে ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং গাড়িটি জব্দসহ চালককে আটক করা হয়।
আটক ওবায়দুল হাসান নিজেকে সাবেক লেন্স করপোরাল হিসেবে পরিচয় দিয়েছেন। তার বাড়ি বগুড়া সদর উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের বাগুপাড়া মন্ডলবাড়ি এলাকায়। তার পিতার নাম মৃত দেলোয়ার রহমান ও মাতার নাম আনোয়ারা বেগম।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।