'বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬। এ উপলক্ষে মঙ্গলবার ( ১৮ আগস্ট ) সকাল ১০টায় বৃক্ষ মেলার উদ্বোধন করেন কক্সবাজার -৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্যে এমপি কাজল বলেছেন, 'প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অবৈধ দখল ও গাছ কাটা রোধে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'
এক্ষেত্রে বনবিভাগকে আরও কঠোর হতে হবে জানিয়ে তিনি বলেন, 'বর্ষা শুরু হলে পাহাড় কাঁটার উৎসব চলে। যাঁরা পাহাড়ে কাটে, তারাই প্রতিবছর পাহাড় কাটে। আপনাদের কাছে সব তথ্য আছে ; তাহলে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? প্রশ্ন রাখেন এমপি। তিনি বলেন, আমি বৃক্ষ পাগল মানুষ ; আমার বাবাও প্রচুর গাছ লাগাতেন। বৃক্ষ কখনো কাউকে ছেড়ে যায় না; একটি গাছ আগামী দিনের সঞ্চয়। তিনি বলেন, 'চলতি বর্ষায় পৌরসভা, সদর, রামু ও ঈদগাঁওতে ৬৮ হাজার বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধ গাছ বিতরণ করেছি। আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি পালন করছে সরকার।'
উপস্থিত শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করে এমপি বলেন, 'লেখাপড়ার পড়ার পাশাপাশি একজনকে ১০ টি করে গাছ লাগাতে হবে। দশ বছর পর সেই গাছ বিক্রি করে ভালো একটা মুনাফা অর্জন করা যাবে। সেই টাকা দিয়ে ব্যবসা করে নিজেকে স্বাবলম্বী করা যাবে।'
বক্তব্যের শেষ পর্যায়ে বনবিভাগকে বৃক্ষ'র ওপর প্রশিক্ষণের তাগিদ দেন লুৎফুর রহমান কাজল।
জেলা প্রশাসক মো: আ: মান্নানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট শামীম আরা স্বপ্না।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পরিবেশ অধিদপ্তর কক্সবাজার এর সহকারী পরিচালক মাহমুদ পাশা, জেলা শিক্ষা অফিসার মো: গোলাম মোস্তফাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নার্সারি উদ্যোক্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ আয়োজনে সপ্তাহব্যাপী এই মেলায় জেলার বিভিন্ন নার্সারির উদ্যোক্তারা অংশ নিয়েছেন। এতে ফুল, ফল ও ঔষধি, শোভাবর্ধনকারী গাছসহ বিভিন্ন প্রজাতির কয়েক হাজার গাছের সমাহার ঘটেছে।