কক্সবাজার সিটি কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম ও অভিষেক সভা গত ১০ জুলাই কলেজে অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় কলেজের জাতীয়করণ প্রক্রিয়া এগিয়ে নেওয়া, একাডেমিক মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক সিদ্ধান্ত গৃহীত হয়।
কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস. এম. আকতার উদ্দিন চৌধুরী। সভায় গভর্নিং বডির ১৫ সদস্যের মধ্যে ১৩ জন উপস্থিত ছিলেন। সভায় কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং কলেজের দীর্ঘদিনের দাবি জাতীয়করণের লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় কলেজকে জাতীয়করণের জন্য জাতীয় সংসদে দাবি উত্থাপন করায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না ও কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলকে ধন্যবাদ জানানো হয়।
এছাড়া সভায় অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস. এম. আকতার উদ্দিন চৌধুরী-কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনীত করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি গভর্নিং বডির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সদস্যরা এ অর্জনকে কক্সবাজার সিটি কলেজের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি ও মাইলফলক হিসেবে উল্লেখ করেন। এছাড়া, কলেজে আরো ৫টি নতুন বিষয়ে অনার্স কোর্স চালুর অনুমোদন দেওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং পরবর্তী সেশনে এ ৫টি বিষয়ে অনার্স কোর্স খুলতে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করার জন্য কলেজের অধ্যক্ষকে অনুরোধ করা হয়।
সভায় বক্তারা বলেন, গভর্নিং বডি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় কক্সবাজার সিটি কলেজ আগামী দিনেও কক্সবাজার তথা দক্ষিণ চট্টগ্রামে উচ্চশিক্ষার বিকাশে আরও কার্যকর ও ইতিবাচক ভূমিকা পালন করবে। সভায় সুবিধামত সময়ে ব্যাপক পরিসরে কলেজের ৩৪ বছর পূর্তি উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া কলেজের বিভিন্ন বিষয় নিয়ে ৬টি উপকমিটি গঠন করা হয়। সভায় গভর্নিং বডির সদস্যদের মধ্যে কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মো: মফিজুল হক, অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসউদ রানা সায়েম, আবদুল মাবুদ চৌধুরী, গিয়াস উদ্দিন, বিশ্বজিৎ বিশ্বাস, নুরুল কবির, রোকসানা কাসেম, জুলফিকার আলী, মেঘলা দেব ও এহসান উদ্দিন উপস্থিত ছিলেন। সভায় কলেজের অনুকূলে বরাদ্দ করা জমির রেজিষ্ট্রেশন কাজ সম্পন্ন করতে কার্যকর উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় জাতীয় পর্যায়ে ফুটবল সহ বিভিন্ন ইভেন্টে কলেজের অসাধারণ সাফল্যের জন্য অংশগ্রহণকারী সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানানো হয়। সভা শেষে কলেজের অগ্রযাত্রা, সাফল্য ও সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।