মহেশখালীতে মিশুক গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে মোহাম্মদ ফয়সাল (৩০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মহেশখালী উপজেলার জাগিরা ঘোনা মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ফয়সাল চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বরান্নচর গ্রামের মোহাম্মদ ইলিয়াসের ছেলে।
জানা গেছে, দীর্ঘ ১৯ বছর পর ছুটিতে দেশে ফিরেন তিনি। চার মাসের ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি মহেশখালীতে বেড়াতে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বড় মহেশখালী জাগিরা ঘোনা মসজিদের পাশে একটি মিশুক গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। পরে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।