আমি সংসদ সদস্য বা অন্য কোন উঁচু পদে থাকিনা কেন, আমি আইনজীবী পরিবারের সদস্য, সকল আইনজীবীদের বোন। এটাই আমার বড় পরিচয়। কারণ এই আইনজীবী সমিতিতে আমার জীবনের ৪০ বছরেরও বেশি সময় কাটিয়েছি। এটাই আমার বড় পরিচয়। সেজন্য, কক্সবাজারে চীফ জুডিসিয়াল ভবন নির্মাণ করা সহ আইনজীবী ও বিচারালয়ের সকল সমস্যা সমাধানে সমিতির নেতৃবৃন্দকে সাথে নিয়ে কাজ করে যাবো।
মঙ্গলবার (৬ মে) কক্সবাজার জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নব নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না একথা বলেন। তিনি আরো বলেন, আমি নিজে একজন আইনজীবী হিসাবে আইনজীবীদের জন্য আমার সর্বোচ্চ দরদ রয়েছে। সেই দায়িত্ব থেকে সাধ্যমতো সবকিছু করে যাবো। তিনি বলেন, চকরিয়া উপজেলা চৌকি আদালতে প্রচুর মামলা রয়েছে। সেখানে একজন যুগ্ন জেলা জজ এর পদ সৃজন করে সেখানকার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা হবে।
কক্সবাজারের কৃতি সন্তান, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ কক্সবাজার আসলেই সমিতির নেতৃবৃন্দ সহ তাঁর সাক্ষাৎ করে সমিতির সমস্যা গুলো সমাধানে তাঁর পরামর্শে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানান সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।
জেলা আইনজীবী ফোরাম এর আহবায়ক অ্যাডভোকেট মোস্তাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার ও অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আলম, সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল মন্নান, সমিতির সহ সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর পিপি অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুছ, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আহমদ উজ্জ্বল, শিশু ধর্ষন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট সলিমুল মোস্তফা, অ্যাডভোকেট শওকত ওসমান প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে নব নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাকে ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।