দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি এবং জরুরি পরিস্থিতিতে কার্যকর সাড়াদানের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে Private Sector Emergency Response Team (PERT) সদস্যদের প্রশিক্ষণ সনদ বিতরণ ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর কক্সবাজারের কলাতলীতে অবস্থিত হোটেল ইউনি রিসোর্টে ‘Progress Learning and Sharing Program’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে কক্সবাজার চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাষ্ট্রী (CBCCI)। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে পরিচালিত Bangladesh Preparedness Partnership (BPP)-এর দ্বিতীয় পর্যায় (Phase 2)- এর আওতায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার (ADPC) এবং বিল অ্যান্ড গেটস ফাউন্ডেশনের সহায়তায় এই উদ্যোগ পরিচালিত হচ্ছে। দেশের শীর্ষ বাণিজ্যিক সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এণ্ড ইণ্ডাষ্ট্রী (FBCCI) বেসরকারি খাতের প্রধান অংশীদার হিসেবে এ কার্যক্রমে যুক্ত রয়েছে।
BPP-২-এর আওতায় কক্সবাজার জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের দুই ব্যাচে মোট ৮০ জনকে Private Sector Emergency Response Team (PERT) সদস্য হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকি শনাক্তকরণ ও হ্রাস, জরুরি পরিস্থিতিতে সমন্বিত সাড়াদান, অনুসন্ধান ও উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত PERT সদস্যরা তাঁদের অভিজ্ঞতা, অর্জিত দক্ষতা এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনগুলোর দুর্যোগ প্রস্তুতি জোরদার, জরুরি পরিস্থিতিতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত সাড়াদান ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়। পরে প্রশিক্ষণ সম্পন্নকারী সদস্যদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাষ্ট্রী'র সভাপতি আবদুস শুক্কুর, চেম্বারের সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা আবু মোরশেদ চৌধুরী, FBCCI Safety Council-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মঞ্জুর কাদের খান এবং ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিস্ট সাখাওয়াত হোসেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন CBCCI Safety Cell-এর যুগ্ম আহ্বায়ক এ আর এম শহিদুল ইসলাম রাসেল, সদস্য সচিব (ফোকাল) আজমল হুদা, সদস্য এবং পরিচালক মুকিম খান, এম. রেজাউল করিম এবং কক্সবাজার জেলার বিপিপি কোওর্ডিনেটর শহীদুল ইসলাম রনি প্রমুখ।
দুর্যোগ মোকাবিলায় বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ ও প্রস্তুতি জোরদার করা BPP-২-এর অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে ব্যবসায়ী সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের দুর্যোগকালীন দায়িত্ব পালনের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে সমন্বিত জরুরি সাড়া দান ব্যবস্থা আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
প্রশিক্ষণপ্রাপ্ত PERT সদস্যরা নিজ নিজ প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনে দুর্যোগ প্রস্তুতি, নিরাপত্তা সচেতনতা এবং জরুরি পরিস্থিতিতে কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে একটি নিরাপদ ও দুর্যোগ-সহনশীল ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে অবদান রাখবেন বলে প্রত্যাশা করা হয়।