জাতীয় সংসদ এর সংরক্ষিত মহিলা আসনে দাখিলকৃত কক্সবাজার জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না'র মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকাস্থ আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং অফিসার ও নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না সহ বিএনপি'র মনোনয়নপত্র দাখিলকারী ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। আগামী ২৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহার শেষে ৩৬টি আসনে প্রতিটি আসনের বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় নিয়মানুযায়ী মনোনয়নপত্র বৈধ হওয়া সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে বিজয়ী ঘোষনা করা হবে।
এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না বিমানযোগে কক্সবাজার আসছেন। বিমানবন্দরে তাঁকে সংবর্ধনা জানাতে কক্সবাজারের দলীয় নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। এছাড়া, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ২৬ এপ্রিল রোববার সকাল ৯ টায় সমিতি মিলনায়তনে দেশের প্রথম মহিলা পিপি ও সমিতির প্রবীণ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাকে সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনা অনুষ্ঠানে সকল আইনজীবীকে উপস্থিত থাকার জন্য সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মন্নান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতার উদ্দিন হেলালী অনুরোধ জানিয়েছেন।