কক্সবাজারের টেকনাফে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে একটি সিএনজি অটোরিকশার ভেতর থেকে এক লাখ পিস ইয়াবাসহ সোলতান আহমদ (৩৮) নামের এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উলুচামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত সোলতান আহমদ টেকনাফের দক্ষিণ হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব রঙ্গীখালী (লামাপাড়া) এলাকার মৃত আবুল কালামের ছেলে। মঙ্গলবার (১৮ আগস্ট) র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, সোমবার বিকেলে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) জানতে পারে যে, এক মাদক কারবারি সিএনজি অটোরিকশায় করে বিপুল পরিমাণ মাদকের একটি চালান নিয়ে হ্নীলার উলুচামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক দিয়ে যাবে। এই তথ্যের ভিত্তিতে বিকেল ৪টা ৫০ মিনিটে ওই এলাকার নূর সাদিয়া স্টোরের সামনে পাকা রাস্তায় র্যাবের আভিযানিক দলটি একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
চেকপোস্ট চলাকালে বিকেল ৫টা ৫ মিনিটের দিকে উলুচামারীর দিক থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় চালক সিএনজি রেখে দ্রুত পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হন।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে সিএনজিতে তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজির যাত্রী বসার সিটের পেছনে বিশেষভাবে লুকিয়ে রাখা একটি বস্তা থেকে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত সোলতান আহমদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এই কঠোর ও আপসহীন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।