কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান মহেশখালী উপজেলা সফর করেছেন। সোমবার (৩০ মার্চ) দিনব্যাপী এই সফরে তিনি মাঠ পর্যায়ে লবণ উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি করেন। পরে তিনি এক আলোচনা সভায় মিলিত হন।
জানা গেছে, সফরের শুরুতে জেলা প্রশাসক বড় মহেশখালী ইউনিয়নের লবণ উৎপাদন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি মাঠ পর্যায়ে নিয়োজিত লবণ চাষিদের সাথে কথা বলেন এবং তাদের সুখ-দুঃখ ও সমস্যার কথা শোনেন। তিনি আধুনিক পদ্ধতিতে লবণ উৎপাদনের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং চাষিদের উৎসাহ প্রদান করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহামুদ ডালিম, বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শা. আ. ম. এনায়েত উল্লাহ বাবুল এবং উপজেলা ছাত্রদলের সভাপতি তারেক রহমান জুয়েলসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
পরে তিনি উপজেলা সম্মেলন কক্ষে প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় উপজেলার প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা আনয়ন এবং জনসেবা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম জানান, সভায় কালারমার ছড়া ও মাতারবাড়ি ইউনিয়নের নতুন সংযোগ সেতুতে টোল আদায় নিয়ে স্থানীয়দের পক্ষ থেকে বিভিন্ন মতামত প্রদান করা হয়। জেলা প্রশাসক জনগণের এসব মতামত শোনেন এবং বিষয়টি পর্যালোচনার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করা হবে বলে জানান।