একসময় মিথিলা-সৃজিতকে দেখলেই মনে হতো, সিনেমার প্রেমের গল্প যেন বাস্তব জীবনে এসে ধরা দিয়েছে। একসঙ্গে ঘোরাঘুরি, ছবি কিংবা ভালোবাসার মুহূর্ত— সবই ছিল দুই বাংলার দর্শকের আগ্রহের কেন্দ্রে। কিন্তু সেই গল্পে কি এবার সত্যিই চিড় পড়েছে? সৃজিতের সাম্প্রতিক এক মন্তব্যে আবারও জোরালো হয়েছে পুরোনো বিচ্ছেদের গুঞ্জন।
২০১৯ সালের ৬ ডিসেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা ও কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি। তবে বেশ কিছুদিন ধরেই তাদের একসঙ্গে দেখা যাচ্ছে না। এ নিয়ে একাধিকবার বিচ্ছেদের গুঞ্জন ছড়ালেও এতদিন দুজনের কেউই স্পষ্ট করে কিছু বলেননি।
সম্প্রতি ‘স্ট্রেইট আপ উইথ শ্রী’ নামের একটি পডকাস্টে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন সৃজিত। তাকে প্রশ্ন করা হয়, এই সময়ে এসে ‘স্থায়ী সম্পর্কের’ অভাব অনুভব করেন কি-না। জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ। কখনও কখনও একাকিত্ব অনুভব করি। আবার কখনও মনে হয় না কাজ, সংগীত, ক্রিকেট আর বন্ধুরা আমার সময়টাকে আলোকিত করে রাখে।’
সৃজিত অবশ্য মিথিলার নাম নেননি কিংবা বিচ্ছেদের কথাও বলেননি। তবু তার ‘স্থায়ী সম্পর্ক’ ও একাকিত্বের মন্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা— তবে কি সত্যিই আলাদা হয়ে গেছেন তারা?
পডকাস্টে অতীত প্রেম নিয়েও কথা বলেন সৃজিত। অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির সঙ্গে ঘনিষ্ঠতার প্রসঙ্গে জানান, সময়ের সঙ্গে সেই সম্পর্ক হারিয়ে গেছে। তার ভাষায়, জীবন একটি যাত্রা, কেউ কয়েক স্টেশন পর নেমে যায়, কেউ আবার অনেক দূর পর্যন্ত পাশে থাকে।
তবে মিথিলা-সৃজিতের বিচ্ছেদের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।