বাংলা সাহিত্যের সত্তর দশকের অন্যতম কবি ও সম্পাদক অমিত চৌধুরী স্মরণে নাগরিক শোকসভা ৩১ অক্টোবর,শনিবার বিকেল ০৪.০০ টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে।
কবি অমিত চৌধুরী নাগরিক শোকসভা পরিষদ কক্সবাজারের আয়োজনে অনুষ্ঠেয় শোকসভায় সাহিত্যিক,বুদ্ধিজীবী ও বিশিষ্টজনেরা অংশ নেবেন। নাগরিক শোকসভার সভাপতিত্ব করবেন শিক্ষাবিদ অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর বাংলা সাহিত্যের সত্তরের দশকের অন্যতম কবি ও সম্পাদক অমিত চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অমিত চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করে শিক্ষকতা পেশায় যুক্ত হন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করেন।
মুক্তিযুদ্ধের সময় তিনি চট্টগ্রাম শিক্ষা কলেজে অধ্যয়নরত ছিলেন। পাকিস্তানি হানাদার বাহিনী কক্সবাজার দখলে নিলে পরিবারের সঙ্গে তিনি বার্মার আরাকানে শরণার্থী হিসেবে আশ্রয় নেন। দেশ স্বাধীন হওয়ার পর ফিরে এসে লেখাপড়ার পাশাপাশি সাহিত্যচর্চায় যুক্ত হন।
১৯৭৩ সালে তিনি সম্পাদনা করেন ‘বৈজয়ন্তী’। ১৯৭৬ সাল থেকে সম্পাদনা করে আসছিলেন ‘মূল্যায়ন’ সাহিত্যপত্রিকা। কবিতা, ছড়া, লিরিক ও প্রবন্ধসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।
কবির স্বজন,সহকর্মী, গুণগ্রাহী সহ সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন নাগরিক শোকসভা পরিষদের আহবায়ক শামিম আকতার ও সদস্য সচিব অন্তিক চক্রবর্তী।