পেকুয়া পৌরসভার সাবেক গুলদী এলাকার একটি মৎস্য প্রকল্পের পুকুরে ডুবে নাদিয়া জান্নাত নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা এ তথ্য জানিয়েছেন।
নিহত নাদিয়া জান্নাত পেকুয়া পৌরসভার মইয়াদিয়া এলাকার মো. মনছুরের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির মা সাবেক গুলদী এলাকায় একটি আচার তৈরির কারখানায় চাকরি করেন। এ কারণে তিনি সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন।
স্থানীয়দের দাবি, গতকাল রাতে পাশের একটি মৎস্য প্রকল্পের পুকুরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করায় মাছ মারা যায়। এরপর পুকুরটি উন্মুক্ত হয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে মাছ ধরতে যান। এ সময় শিশুটিও ওই পুকুর এলাকায় যায় বলে জানা গেছে।
পরে অন্যরা বাড়িতে ফিরে গেলেও নাদিয়া বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ওই মৎস্য প্রকল্পের পুকুরে শিশুটিকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য দিদারুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেন।