টেকনাফের হ্নীলা ইউনিয়নে দিনদুপুরে পাহাড়ি মাটি পাচারের সময় ডাম্পারের ধাক্কায় আবুল হাশেম নামে এক শতবর্ষী বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পানখালী এলাকায় একটি মাটি ভর্তি ডাম্পার পাহাড়ি মাটি পাচারের সময় আবুল হাশেমকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
নিহত আবুল হাশেম পানখালী এলাকার মৃত আব্দুল কাদের ও মৃত সোনা বানুর ছেলে। মৃত্যুকালে তিনি ৭ ছেলে, ৮ মেয়ে, অসংখ্য নাতি-নাতনিসহ আত্মীয়স্বজন রেখে গেছেন।
নিহতের স্বজনরা জানান, ডাম্পারের ধাক্কায় আবুল হাশেমের হাত, কোমর ও পায়ে গুরুতর আঘাত লাগে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানেও জখম হয়।
স্থানীয় ইউপি সদস্য হোসাইন আহমদ বলেন, মাটি ভর্তি ডাম্পারের ধাক্কায় এলাকার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুরব্বীর মৃত্যু হয়েছে। ডাম্পারে করে পাহাড়ি মাটি পাচার করা হচ্ছিল। আবুল হাশেমের বাড়ির সামনে দিয়ে মাটি পাচারের সময় ডাম্পারের ধাক্কায় তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য আবেদন করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে বিধি অনুযায়ী লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।