কক্সবাজারের লিংক রোড এলাকা থেকে অপহৃত যুবক মাইনুদ্দীন রাসেলকে (২৬) নৃশংসভাবে হত্যার ঘটনায় দীর্ঘ ১৪ বছর ধরে আত্মগোপনে থাকা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ শাহজাহানকে (৩১) গ্রেপ্তার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রামু উপজেলার চেইন্দা বাজার এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ব্যাটালিয়ন সদর কোম্পানির আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মোঃ শাহজাহান রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা চরপাড়া এলাকার মুরত আলমের ছেলে।
মামলার নথি ও র্যাব সূত্রে জানা যায়, গত ২০১২ সালের ৬ জানুয়ারি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুহুরী পাড়ার বাসিন্দা মাইনুদ্দীন রাসেলকে লিংক রোড এলাকা থেকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির চর এলাকা থেকে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
উক্ত নির্মম ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
হত্যাকাণ্ডের পর থেকেই আসামি শাহজাহান আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারি করলে তাকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব-১৫। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে চেইন্দা বাজার থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে। চাঞ্চল্যকর মামলার আসামি ও অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।