বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের আট নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। এদের মধ্যে একজন নিজেকে বাংলাদেশি দাবি করে ভুয়া জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ দেখিয়েছিলেন।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে বিজিবির রেজুপাড়া বিওপি এবং পুলিশের একটি যৌথ টহল দল এ অভিযান পরিচালনা করে।
কক্সবাজারের ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক মিয়ানমার নাগরিকরা হলেন মংবা তংচংগা (৩৪), মংম (২০), কিংলা থুয়াইং (২১), রুপার (১৯), থাইংসা মং (৪০), তুলি (২০), তানতানাইং (২০) ও মংতা নাইং (২০)। তারা সবাই মিয়ানমারের মংডু ঢেকিবুনিয়া এলাকার বাসিন্দা।
বিজিবি জানায়, আটকের পর মংবা তংচংগা নিজেকে বাংলাদেশি নাগরিক হিসেবে দাবি করে একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ উপস্থাপন করেন। তবে যাচাই-বাছাই শেষে সেসব কাগজপত্রের কোনো সত্যতা বা মিল পাওয়া যায়নি।
আটক আট মিয়ানমার নাগরিকের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত প্রহরায় নয়, বরং মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ, মানব পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহতকরণ এবং সীমান্তকেন্দ্রিক সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ দমনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’