কক্সবাজারের টেকনাফ থেকে ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৫ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। অভিযানে এক মাদক কারবারিকে আটক করা হয়।
এই তথ্য নিশ্চিত করেন টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন।
আটক মোঃ নেছারুল ইসলাম (৩৮), টেকনাফ দমদমিয়া নেচারপার্ক এলাকার নবাব মিয়ার ছেলে।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথের একটি বড় চালান নাফ নদীর গোলারচর হয়ে শাহপরীর দ্বীপসংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এরই প্রেক্ষিতে ভোররাত ৩ টার দিকে কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরীর দ্বীপের সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানের একপর্যায়ে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঝাউবনের মধ্যে পলিথিনে মোড়ানো একটি পুটলি ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে পুটলির ভেতরে চায়ের প্যাকেটে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, উদ্ধার হওয়া আইসের চালানের সঙ্গে জড়িত মাদক কারবারি ও তাদের সহযোগীদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, বোরবার রাতে টেকনাফ কেরুনতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আরেকটি অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় সন্দেহজনক একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ একটি সিএনজি জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে এক মাদক কারবারিকে আটক করা হয়।
কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।