বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ির ঘুনগাছতলা থেকে যুবকের পেটের ভেতর থেকে ৭৬ টি পুঁটলিতে ৩৭০০ ইয়াবা বের করে জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে নাইক্ষ্যংছড়ি থানাধীন সোনাইছড়ি ফাঁড়ি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ওই রোহিঙ্গা যুবককে আটক করা হয়।
আটক যুবকের নাম মো: সাদেক। তিনি উখিয়ার বালুখালীর ৮/ই ক্যাম্পের বি/৫৪ ব্লকের নুর আলমের ছেলে। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (খ) ধারা) নাইক্ষ্যংছড়ি থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির আওতাধীন এলাকায় টহল ডিউটি চলাকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী ক্যাম্প থেকে ইয়াবার একটি চালান নিয়ে আসছে। সংবাদের সত্যতা যাচাইয়ে পুলিশ তাৎক্ষণিক সোনাইছড়ি ইউপির ৪ নং ওয়ার্ডের চিংথোয়াইপাড়া সাকিনের ঘুণগাছতলা চৌরাস্তার মোড়ে (জনৈক সালামের দোকানের সামনে) অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই যুবক কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হলে, যুবক তার পেটের ভেতর পলিথিন ও কস্টেপ দিয়ে মোড়ানো পোটলায় ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে তার পেট থেকে মোট ৭৬টি পোটলা বের করা হয়, যা থেকে গণনা করে ৩৭০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার জব্দ তালিকা প্রস্তুত করে আলামত হিসেবে থানা হেফাজতে নেওয়া হয়।
অভিযানের নেতৃত্ব দেয়া সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির আইসি সিংহ ত্রিপুরা ও উপপরিদর্শক সৌরভ হোসেন জানান, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। মাদকের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।