টেকনাফে মাটির নিচে পুঁতে রাখা প্রায় ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে যৌথ বাহিনী। তবে এসম সময় মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও বিজিবি এ যৌথ অভিযান পরিচালনা করে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জাদিমুড়া মন্দিরের জোড়া সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া মন্দিরের জোড়া সংলগ্ন জনৈক মঞ্জুর মেম্বারের প্রজেক্টের কেওড়া বাগানে ইয়াবার একটি বড় চালান মজুত করার তথ্য পাওয়ার পর এসআরবি-১৫ ও ২ বিজিবির সদস্যরা দ্রুত ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত মাদক কারবারিরা অন্ধকারের সুযোগ নিয়ে দিকবিদিক পালিয়ে যায়। ফলে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে যৌথ বাহিনীর সদস্যরা ওই কেওড়া বাগানে ব্যাপক তল্লাশি চালান। একপর্যায়ে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, উদ্ধার হওয়া ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত পলাতক মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।