পেকুয়া উপজেলায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৮২ ধারায় পরিচালিত অভিযানে ৩ জনকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার মগনামায় এ অভিযান পরিচালিত হয়।
অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— পেকুয়া উপজেলার মগনামা কোদালিয়াপাডার শামসুল আলমের পুত্র মোহাম্মদ আজিজ (২১) , রাজাখালী ইউনিয়নের আবদুর শুক্কুরের পুত্র জাহিদুল ইসলাম (২২) এবং মগনামা ইউনিয়নের মুহুরিপাড়ার ইয়ার মোহাম্মদের পুত্র নাজিম উদ্দিন (৩৫)।
এ অভিযান পরিচালনা করেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম এবং এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুচ চৌধুরী।
পেকুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনিছুল ইসলাম বলেন, মগনামা-উজানটিয়ায় লবণ পরিবহনের নামে সড়ক ক্ষতিগ্রস্ত করার অভিযোগে এবং বারবার নিষেধ করার পরও সড়কে লবণ রেখে রাস্তা ক্ষতিগ্রস্ত করায় এ অভিযান পরিচালনা করা হয়। সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও আইন লঙ্ঘন রোধে এ ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে।