কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে গতকাল এক বিশেষ সাঁড়াশি অভিযানে চোর, ছিনতাইকারী, নারী মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ প্রবণতা রোধে পরিচালিত এই বিশেষ অভিযানে শহরের উত্তর টেকপাড়া থেকে জোসনা আকতার (২৩) ও খাদিজা বেগম (২২) এবং নুনিয়ারছড়া থেকে সানজিদা আক্তার (২৬) নামের ৩ জন নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এছাড়া শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে সক্রিয় থাকা ৩ জন চোর ও ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- সমিতি পাড়ার আব্দুর রহমান পুতু (১৯), ভারুয়াখালীর মো. আব্দুল্লাহ হামিদ ওরফে সাগর (২৩) এবং দক্ষিণ রুমালিয়ারছড়ার আব্দুল হামিদ (২৬)।
তাছাড়া জেলা ও উপজেলার ১৩ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে মহেশখালীর ছোট মহেশখালীর মো. রাসেল (২৬) ও শাপলাপুরের মঈন উদ্দিন (২৩) ছাড়াও চট্টগ্রাম, চকরিয়া, উখিয়া, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, লক্ষ্মীপুর ও বগুড়া অঞ্চলের বাসিন্দা রয়েছেন।
পাশাপাশি বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩ জন আসামি- দক্ষিণ রুমালিয়ারছড়ার আব্দুল হামিদ (২৩) ও মো. হোসেন এবং বাজারঘাটা এলাকার বাসিন্দা আব্দুল শুক্কুরকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে ৩ জন মাদক সেবনকারী এবং বিভিন্ন অপরাধে জড়িত থাকায় আরও ৪ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানান, কক্সবাজার শহরের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, পর্যটক ও স্থানীয় অধিবাসীদের ধন-সম্পদ সুরক্ষা এবং মাদক-ছিনতাই মুক্ত পরিবেশ বজায় রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।