কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৪ হাজার পিস ইয়াবাসহ বাসের চালক ও হেলপারকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত 'পালং স্পেশাল সার্ভিস' নামের বাসটি জব্দ করা হয়।
রোববার (৩০ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডস্থ লিংক রোড এলাকায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের সামনের সড়কে এই অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন- বাসের চালক আকতার হোসেন (২৩) ও হেলপার ইয়াছিন আরাফাত (১৩)। এর মধ্যে চালক আকতার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের দেছুয়াপালং হাকিম আলী পাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে এবং কিশোর হেলপার ইয়াছিন উখিয়া থানার টিঅ্যান্ডটি কলেজ আমগাছতলা এলাকার শামসুল আলমের ছেলে।
কক্সবাজার সদর মডেল থানা সূত্র জানায়, উখিয়া থেকে কক্সবাজারগামী একটি বাসে করে মাদকের বড় চালান পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল লিংক রোড বেতার কেন্দ্রের সামনে মাদকবিরোধী অভিযান শুরু করে।
এ সময় উখিয়া থেকে ছেড়ে আসা 'পালং স্পেশাল সার্ভিস' নামের ওই যাত্রীবাহী বাসটি তল্লাশির জন্য থামানো হয়। বাসের চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের দেওয়া তথ্যমতে, বাসের পেছনের সিটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ টাকা। ইয়াবা পাচারের দায়ে মাদকসহ চালক ও হেলপারকে আটক করা হয় এবং বাসটি বিধি মোতাবেক জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।