কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে অপরাধ দমনে ২৪ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে ৩ ছিনতাইকারী, ৬ চোর, ৮ মাদকসেবী এবং পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনগত রাতজুড়ে চালানো সাঁড়াশি অভিযানে পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পর্যটন শহর ও সংলগ্ন ইউনিয়নগুলোতে ছিনতাই, চুরি ও মাদকসহ নানা অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপার ও অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশনায় পুলিশের একাধিক টিম একযোগে অভিযানে নামে।
অভিযানে গ্রেপ্তারকৃত ৩ চিহ্নিত ছিনতাইকারী হলেন- কলাতলী ঝিরঝিরি পাড়ার সাইফুল ইসলাম বাবু (২১), পাহাড়তলীর মোঃ ইসমাঈল প্রকাশ বাঘা (২৭) এবং লাইট হাউস ফাতের ঘোনার আমান উল্লাহ (২৬)।
আটককৃত ৬ চোর হলেন- চকরিয়ার কাকরা ইউনিয়নের সজিব দে (২৩) ও অপু দে (২২), শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার রশিদ আহম্মদ (২২), সিকদার বাজারের আব্দুর রহিম (৩৩), এবং সমিতি পাড়ার নেছার উদ্দিন (২১) ও মোঃ আইয়ুব (২৫)।
একই অভিযানে বিভিন্ন স্থান থেকে ৮ মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। তারা হলেন- জেল গেটের মোঃ এনামুল হক (২০), মুহুরি পাড়ার রবিউল হাসান (২৬), সেন্ট্রাল সুইচ গেটের আব্দুল করিম (২৭), লাইট হাউসের আবুল ফয়েজ (২৬), ফিসারী ঘাটের নুরুল আলম (২৬), এবং পিএমখালীর এরশাদুল ইব্রাহিম (২০), মোঃ এহেছান (২০) ও আবু তৈয়ব (২৭)।
এছাড়া বিভিন্ন অপরাধে যুক্ত থাকায় পশ্চিম বাহারছড়ার মোঃ রুহুল আমিন (৫৯) ও মোঃ মোস্তফা (৬৮) এবং উখিয়ার মধ্য রাজাপালংয়ের মোঃ মাজেদকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ইসলামপুরের মোঃ ইসমাইল (২৪) ও পিএমখালীর তৈয়বা বেগমকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানায়, আটককৃতদের অনেকের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদকের একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের বিচারালয়ে সোপর্দ করা হচ্ছে। শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।