কুতুবদিয়ায় আগুনে পুড়ে গেছে ১৬টি বসতঘর। শনিবার ( ১৭ অক্টোবর) রাত ১১টার দিকে কৈয়ারবিল ১নম্বর ওয়ার্ডের ফৈতার পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকেটি টাকার সম্পদ পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা নুরুল কাদের জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ তারা ফৈতার পাড়ায় আগুন দেখতে পান। এলাকাবাসি আগুন নেভাতে ছুটে আসতে থাকেন। ফায়ার সার্ভিসকেও খবর দেয়া হয়।
কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল আহমেদ বলেন, ফৈতার পাড়ায় আবুল কাশেম এর পুরো পরিবারসহ কয়েকটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ২টি ইউনিট দ্রুত সেখানে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করা হয়।
এসময় সিরাজ উদ্দিন, মোবারক, গিয়াস উদ্দিন, নুরুল কাদের, ওমর কাদের, শেবুল কাদের, রুহুল কাদের, আব্দুল কাদের, মোহসেনা বেগম, আবদুল হামিদ, আব্দু রাজ্জাক, আব্দু ছাত্তার, রফিক উদ্দিন, মো. ইয়াসিন, আইয়ুব আলী ও শাহাবুদ্দিনের বসতভিটায় আগুন ছড়িয়ে পরে। এলাকাবাসির সহায়তায় ২ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলেও জানান তিনি। চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে নিশ্চিত করে ওই অফিসার।
কৈয়ারবিল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম কুতুবী বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে তার ব্যক্তিগত সহায়তায় খাবার বিতরণ করেছেন। এছাড়া জেলা পরিষদ প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে পরিদর্শনে যান। জরুরি ত্রাণ সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান বলেন, কৈয়ারবিলে আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে জরুরি সহায়তা সোমবার দেয়া হবে।