উখিয়ায় উপজেলা প্রশাসন ও বন বিভাগ পৃথক যৌথ অভিযান চালিয়ে ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ একটি স মিল জব্দ করেছে।
রোববার (১ নভেম্বর) সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী মরা গাছতলা এলাকায় সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অন্যদিকে, থাইংখালী গজোঘোনা এলাকায় পৃথক অভিযান চালিয়ে একটি অবৈধ স মিল জব্দ করা হয়।
উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে উচ্ছেদ অভিযান অভিযান পরিচালিত হয়। এ সময় উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী, হাইওয়ে পুলিশের সদস্য, থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, মোছারখোলা বিট কর্মকর্তা দীপক চাকমাসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বনভূমি ও সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ এবং অনুমোদনহীন স মিল পরিচালনার বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে। সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত রাখা এবং বন ও পরিবেশের সুরক্ষায় সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলতে হবে।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ জানান, সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি অবশিষ্ট অবৈধ স্থাপনাগুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার জন্য দুই দিনের সময় দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনাগুলো সরিয়ে না নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।