টেকনাফে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১ লাখ ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এসময় ইয়াবা পাচারের অভিযোগে মোঃ ইয়াসিন (৪১) নামে একজনকে আটক করা হয়েছে। অন্যদিকে, নাফ নদীসংলগ্ন ১ নম্বর স্লুইস গেট এলাকায় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ইয়াবাভর্তি একটি ইঞ্জিনচালিত নৌকা ফেলে পালিয়ে যায়।
সোমবার (২৪ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে। অভিযানে শাপলা চত্বর এলাকা থেকে ১৮ হাজার পিস এবং নাফ নদীসংলগ্ন ১ নম্বর স্লুইস গেট এলাকা থেকে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় টেকনাফ পৌরসভা শাপলা চত্বর এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে ভোর আনুমানিক ৪টার দিকে বিজিবি জানতে পারে, ওই এলাকা দিয়ে ইয়াবার একটি চালান প্রাইভেটকারে করে কক্সবাজারের দিকে পাচার করা হবে। পরে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় বিজিবির একটি আভিযানিক দল সেখানে অবস্থান নেয়। সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে ঢাকা মেট্রো-খ-১২-৯৪৪৩ নম্বরের একটি সাদা রঙের প্রোটন সাগা প্রাইভেটকার সেখানে পৌঁছালে বিজিবি সদস্যরা গাড়িটিকে থামার সংকেত দেন। পরে গাড়িটি তল্লাশি করে পেছনের সিটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গাড়ির চালক মোঃ ইয়াসিন (৪১) কে আটক করা হয়। উদ্ধার করা হয় একটি প্রাইভেটকার ও একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।
অপরদিকে, একই দিনে টেকনাফ পৌরসভা জালিয়া পাড়া সংলগ্ন নাফ নদী সংলগ্ন ১ নম্বর স্লুইস গেট এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে নাজির পাড়া বিওপির একটি বিশেষ টহল দল সকাল ১০টার দিকে ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়। সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে দুইজন সন্দেহ ভাজন ব্যক্তিকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে নাফ নদী দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা। পরে নৌকাটি নদীর তীরে পৌঁছালে টহল দল তাদের ধাওয়া করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ১ নম্বর স্লুইস গেটসংলগ্ন বেড়িবাঁধের কাছে নৌকাসহ মালামাল ফেলে পাশের কেওড়াবাগানে পালিয়ে যায় তারা। পরে পরিত্যক্ত নৌকাটি তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত করা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, দুটি অভিযানে সর্বমোট ১ লাখ ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। প্রথম অভিযানে আটক ইয়াসিন টেকনাফের ডেইলপাড়া এলাকার বাসিন্দা। দ্বিতীয় অভিযানে পালিয়ে যাওয়া ব্যক্তিরা হলেন ইমরান ও ইয়াসের (২৪)। তাদের পরিচয় শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। একই দিনে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার মাদকবিরোধী কার্যক্রমে বিজিবির দৃঢ় অবস্থান ও পেশাদারিত্বের প্রতিফলন। মাদকের অনুপ্রবেশ ও বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটক ব্যক্তি, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা অন্যান্য মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।