কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে ছিনতাই প্রতিরোধ, মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গতকাল পরিচালিত এ অভিযানে কক্সবাজার সরকারি কলেজের ছাত্রীনিবাস থেকে এক নারী মাদক কারবারিসহ সর্বমোট ১০জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শহর ও আশপাশের এলাকায় অপরাধ দমনে গঠিত পুলিশের বিশেষ দল এই সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী, ৬ জন মাদক সেবনকারী, ২ জন পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি এবং ধর্তব্য অপরাধে জড়িত ১ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি শরিফা আক্তার (২২) টেকনাফের হ্নীলা ইউনিয়নের বাসিন্দা এবং কক্সবাজার সরকারি কলেজের ঝিলংজা এলাকার 'দোলনচাঁপা ছাত্রীনিবাস'-এর ২০০৭ নম্বর রুম থেকে তাঁকে আটক করা হয়।
আটক ৬ মাদক সেবনকারীর মধ্যে কক্সবাজার পৌরসভার বিভিন্ন এলাকার অধিবাসীদের পাশাপাশি মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের পশ্চিম মুর্শি ডেইলের মো. শহিদুল্লাহ (৩০) এবং রামুর গর্জিয়ার মো. আরাফাত (২০) রয়েছেন।
অন্যদিকে, আদালতের পরোয়ানাভুক্ত দুই আসামি- ঝিলংজার মুহুরীপাড়ার ছৈয়দ আলম (৩০) ও চৌফলদণ্ডীর রাশেদা বেগমকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি ধর্তব্য অপরাধে জড়িত থাকায় রামুর দক্ষিণ মিঠাছড়ির মো. আব্দুল শুক্কুরকে (২৫) আটক করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানায়, পর্যটন নগরী কক্সবাজারের সার্বিক নিরাপত্তা রক্ষা, মাদক ও ছিনতাই চক্রের দৌরাত্ম্য বন্ধে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।