প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর দুই দিনের সরকারি সফরে আগামী রবিবার (১৫ নভেম্বর) কক্সবাজার আসছেন। সফরকালে তিনি উখিয়ায় জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) ক্যাম্প পরিদর্শন করবেন এবং আন্তর্জাতিক ঋণ সম্মেলনে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারিকৃত সফরসূচি অনুযায়ী, রবিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যাত্রা করে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন উপদেষ্টা। বিমানবন্দর থেকে তিনি সরাসরি শহরের কলাতলীর হোটেল ওশান প্যারাডাইসে গিয়ে অবস্থান ও রাত্রিযাপন করবেন।
সফরের দ্বিতীয় দিন সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টায় সড়কপথে উখিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। ক্যাম্প পরিদর্শন শেষে দুপুর ১২টায় তিনি পুনরায় হোটেল ওশান প্যারাডাইসে ফিরে আসবেন।
এরপর ওই দিন দুপুর আড়াইটায় ওশান প্যারাডাইস হোটেলে আয়োজিত 'দ্য ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬' -এর অধিবেশনে অংশগ্রহণ করবেন তিনি।
সম্মেলন শেষে সন্ধ্যা ৭টায় কক্সবাজার বিমানবন্দরে উপস্থিত হয়ে রাত ৮টা ৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে তাঁর কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।
উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ সারওয়ার মোর্শেদ স্বাক্ষরিত সফরসূচিতে জানানো হয়, সরকারি এই সফরে উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে তিনি নিজেই থাকছেন। উপদেষ্টার কক্সবাজার অবস্থানকালে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে প্রটোকল, প্রয়োজনীয় যানবাহন ও গানম্যানসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।