খাল খনন কর্মসুচির প্রয়োজনে আগামী ১৩ জুন শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার আসছেন। বিশ্বস্ত সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সফরকালে নব গঠিত মাতামুহুরী প্রশাসনিক উপজেলা উদ্বোধন, নবগঠিত পেকুয়া পৌরসভা উদ্বোধন, খাল খনন কর্মসূচীর উদ্বোধন, চকরিয়ার ডুলাহাজারায় একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান, দলীয় জনসভায় যোগদান সহ আরো কিছু কর্মসূচী প্রাথমিকভাবে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান হেলিকপ্টার যোগে কক্সবাজারে আসবেন বলে সুত্রটি জানিয়েছে। সুত্র মতে, কক্সবাজারে প্রধানমন্ত্রী আগমনের তারিখ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। চুড়ান্ত সফরের তারিখ পরিবর্তনও হতে পারে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফরকালে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁর সফরসঙ্গী হবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এর কক্সবাজার সফরের বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষ ইতিমধ্যে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।
এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসূচী চুড়ান্ত করতে এবং সফর সফল করতে কক্সবাজার জেলা প্রশাসন সহ উর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান এর কক্সবাজার আগমনের খবরে স্থানীয় দলীয় নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
প্রসঙ্গত, যদি প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফরসূচী ঠিক থাকে, তাহলে বিএনপি সরকার গঠনের পর এটি হবে প্রধানমন্ত্রীর প্রথম কক্সবাজার সফর।