প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৪ জুন রোববার ২ দিনের সফরে কক্সবাজার আসছেন। সফরকালে কক্সবাজারে তিনি ৮টি কর্মসূচীতে যোগ দেবেন। স্বরাষ্ট্র মন্ত্রীর প্রেস সচিব ছাফওয়ানুল করিম এ তথ্য জানিয়েছেন।
সূত্রমতে, প্রাথমিকভাবে নির্ধারণ করা এসব কর্মসূচি যেকোন সময় পরিবর্তন ও সংশোধন হতে পারে।
প্রাথমিকভাবে নির্ধারিত সফরসূচি অনুসারে, প্রধানমন্ত্রী আগামী ১৪ জুন রোববার সকাল ১০ টায় বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন। বিমানবন্দর থেকে সড়কপথে তিনি সকাল ১১ টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারী পার্কে যাবেন। সেখানে তিনি বৃক্ষরোপণ উদ্বোধন ও সাফারী পার্ক পরিদর্শন করবেন। সেখান থেকে পেকুয়ার মেহেরনামা মুরাপাড়ায় শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জেয়ারত করতে যাবেন। এরপর নবগঠিত পেকুয়া পৌরসভার প্রশাসনিক যাত্রার ফলক উম্মোচন করবেন। পেকুয়ায় স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর বাসভবন 'সাঈদ ম্যানশন' এ অবস্থান ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি। একই দিন বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান নবগঠিত মাতামুহুরী উপজেলার প্রশাসনিক যাত্রার ভিত্তি প্রস্থর স্থাপন করবেন এবং বিকেল সাড়ে ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে অনুষ্ঠিতব্য জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। জনসভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার পৌঁছে সন্ধ্যা ৭টায় সার্কিট হাউসে কক্সবাজারের উর্ধ্বতন কর্মকতাদের সাথে মতবিনিময় করবেন। তিনি সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন।
পরদিন ১৫ জুন সোমবার সকালে প্রধানমন্ত্রী কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে স্থানীয় সুধীজনদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন। এরপর ২দিনের সফর শেষে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে ছাফওয়ানুল করিম জানিয়েছেন। এসব কর্মসূচি সম্পূর্ণ প্রাথমিকভাবে নির্ধারন করা হয়েছে। যেকোন সময় তা সংশোধন হতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সচিব ছাফওয়ানুল করিম জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে আগমনের সার্বিক প্রস্তুতি মনিটরিং করতে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ আগামী ১২ জুন শুক্রবার কক্সবাজার আসছেন।
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী খাল খনন কর্মসূচী প্রধানমন্ত্রীর প্রাথমিক সফরসূচির তালিকায় এখনো অন্তর্ভুক্ত না হলেও পরে সেটি অন্তর্ভুক্ত হতে পারে বলে আভাষ পাওয়া গেছে। শুক্রবার ৫ জুন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল পরিদর্শন করেন। পানিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকায় যাওয়ার পর পাতলী খাল খনন কর্মসূচী প্রধানমন্ত্রীর সফরসূচি তালিকায় রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী শুক্রবার ৫ জুন সারাদিন চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার প্রধানমন্ত্রীর প্রোগ্রাম গুলোর জন্য নির্ধারিত স্থান সমূহ পরিদর্শন করেছেন। এসময় তিনি প্রধানমন্ত্রীর প্রোগ্রাম গুলোর সার্বিক প্রস্তুতির ব্যাপারে খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী শুক্রবার সকালে ডুলাহাজারা সাফারী পার্কে প্রধানমন্ত্রী কর্তৃক বৃক্ষরোপণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন ও এ বিষয়ে প্রস্তুতি দেখেন। পরে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী নবগঠিত মাতামুহুরী উপজেলার প্রধানমন্ত্রী কর্তৃক ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।
এরপর সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী পেকুয়ায় নবগঠিত পেকুয়া পৌরসভার প্রশাসনিক উপজেলা ভিত্তিপ্রস্তর স্থাপনের নির্ধারিত স্থান, মুরা পাড়ায় শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের সমাধিস্থল পরিদর্শন করে "সাঈদ ভবন" এ যান। পরে তিনি চকরিয়া পৌর বাস টার্মিনালস্থ জনসভার জন্য নির্ধারিত মাঠ পরিদর্শন করেন। এসময় জনসভা সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।
এসময় সিনিয়র সচিবের সাথে জেলা প্রশাসক মো.আ. মান্নান, পুলিশ সুপার আ.ন.ম সাজিদুর রহমান, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, চকরিয়ার ইউএনও শাহিন দেলোয়ার, পেকুয়ার ইউএনও, অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান, চকরিয়ার
সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, পেকুয়ার সহকারী কমিশনার (ভূমি), চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, মাতামুহুরী বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু, সাংবাদিক ছাফওয়ানুল করিম, পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া), চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আব্দুর রহিম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, চকরিয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।