মাতামুহুরী উপজেলায় ডাকাতিকালে মা ও মেয়েকে ধর্ষণের ঘটনার মূল অভিযুক্ত মো. জিসানকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী বাজার এলাকায় শ্বশুড়বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জিসান পূর্ববড় ভেওলা ডলুনিঘোনা সিকদারপাড়া এলাকার মোহাম্মদ জালালের ছেলে।
জানা যায়, গত ৮ জুন নবগঠিত মাতামুহুরী উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ওইসময় তারা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে। এরপর তারা ৪০ বছর বয়সী মা এবং তার ১৫ বছরের মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্বজনরা মা-মেয়েকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করেন।
পুলিশ জানায়, আটক জিসানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িত বাকি অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশের একাধিক দলের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. মাসুদ বলেন, ভুক্তভোগী পরিবারের সদস্য হোসনে আরা বেগম বাদী হয়ে থানায় করা মামলার প্রধান আসামি জিসানকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।