উখিয়া টেকনাফ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন, বিএনপি যতবার রাষ্ট্র ক্ষমতায় ছিল ততবার এলাকার উন্নয়নে আমি কাজ করে গেছি। মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের প্রথম পদক্ষেপ নিয়েছিল বিএনপি সরকার। শুধু তাই নয় স্কুল মাদ্রাসা থেকে শুরু করে সমুদ্র উপকূলীয় মানুষের ভাগ্যের পরিবর্তনে আমি অনেক কাজ করেছি।
তিনি আরো বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রত্যেক বাড়িতে ফ্যামিলি কার্ড, কৃষিকার্ড সরবরাহ সহ শিক্ষিত যুবক-যুবতীদের দক্ষতা অর্জনে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার চালু করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
বৃহস্পতিবার বিকেল তিনটায় উখিয়া জালিয়া পালং ইউনিয়নের সোনারপাড়া বাজারে প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্যকালে প্রধান অতিথি আরো বলেন, আমি আপনাদের পরিচিত নেতা, আমি আপনাদের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ।
জালিয়া পালং ইউনিয়ন বিএনপির সভাপতি মেম্বার ফজল কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিক, সাধারণ সম্পাদক সাহাদত হোসেন, জালিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, রত্না পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, জালিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী।
বক্তারা বলেন, জনসভায় স্বতঃস্ফূর্ত জনগণের উপস্থিতি প্রমাণ করে ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ।