বায়তুশ শরফের প্রাণপ্রতিষ্ঠাতা, কুতুবুল আলম শাহ্সূফি মাওলানা মীর মোহাম্মদ আখতারুল কাদেরী (রাহ.) খাদেম ও জীবনী লেখক, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আমান উল্লাহ খান ৩ জুলাই জুমাবার বিকেল পাঁচটায় ঢাকা এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর ইন্তেকালে দেশের শীর্ষস্থানীয় আধ্যাত্মিক প্রতিষ্ঠান বায়তুশ শরফের ভক্ত-মুরিদানের মাঝে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে দুই কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
আমান উল্লাহ খান হাদিয়ে যামান শাহ্সুফী মাওলানা আবদুল জব্বার (রাহ.) ও বাহরুল উলুম শাহসুফি মাওলানা কুতুবউদ্দিন (রাহ.)-এর অন্যতম শীর্ষ মুরিদ ও স্নেহধন্য ছিলেন। তিনি বায়তুশ শরফ কমপ্লেক্সের উন্নয়ন এবং প্রতিষ্ঠানটির আদর্শিক প্রসারে আজীবন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
মরহুমের প্রথম জানাযার নামাজ শনিবার সকাল ১০ টায় ঢাকা ফার্মগেটস্থ বায়তুশ শরফ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় জানাযার নামাজ একইদিন বাদ এশা চট্টগ্রাম ডবলমুরিং ধনিয়ালাপাড়া কেন্দ্রীয় বাতুশ শরফ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।
আলহাজ্ব মোহাম্মদ আমান উল্লাহ খানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আব্দুল হাই নদভী ( মা.জি.আ) এবং বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহসহ কেন্দ্রীয় সদস্যবৃন্দ। তাঁরা মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।