জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নিশ্চিত করার জন্য কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদোগে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্যারেড ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারী) বেলা এগারোটায় চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্যারেড ব্রিফিং
অনুষ্ঠানে কক্সবাজার-০১ (চকরিয়া পেকুয়া) সংসদীয় আসনের আওতাধীন চকরিয়া উপজেলার ১৩০টি ভোটকেন্দ্রে নির্বাচনী কাজে নিয়োজিত সকল স্ট্রাইকিং, মোবাইল ও কেন্দ্র ইনচার্জ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
এসময় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে নির্বাচনী দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন কক্সবাজার জেলা পুলিশের
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সামীম কবীর এবং সংসদীয় আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীন দেলোয়ার।
এসময় নির্বাচনের আগেরদিন থেকে ভোটগ্রহণ শেষ পর্যন্ত ভোটকেন্দ্র ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের করনীয় সম্পর্কে সবাইকে অবহিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন। এসময় প্যারেড অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত থেকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর ভোটগ্রহণ যেন সুন্দর স্বচ্ছ সুশৃঙ্খল ও অবাধ নিরপেক্ষ হয় সেই লক্ষ্যে চকরিয়া উপজেলার ১৩০ ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সকল অফিসার এবং ফোর্সবৃন্দকে পেশাদার আচরণ ও দায়িত্ব পালনে সতর্ক থাকতে নির্দেশনা এবং সার্বিক বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেছে।
ব্রিফিংয়ে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তাৎক্ষণিক মোকাবিলা এবং ভোটারদের নিরাপদে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
তিনি বলেন, আমরা আশাবাদী ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব আচরণ বজায় রেখে এবং সার্বিক নিরাপত্তা বলয়ের মধ্যদিয়ে যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে চকরিয়ায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপহার দিতে পারবো।