বাংলাদেশের সমর্থনে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান—এমন গুঞ্জন চলছে কয়েকদিন ধরে। আগামী শুক্রবার বা সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এদিকে নতুন এক তথ্য উঠে এসেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম—আল জাজিরার এক প্রতিবেদনে।
বাংলাদেশের সমর্থনে ভারতের বিপক্ষে ম্যাচটি পাকিস্তান বয়কট করতে পারে বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।
‘টি-টোয়েন্টি বিশ্বকাপ বিতর্কে ভারতের বিরুদ্ধে কেন বাংলাদেশকে সমর্থন করছে পাকিস্তান’— এমন শিরোনামে মঙ্গলবার (২৭ জানুয়ারি) একটি প্রতিবেদন প্রকাশ করে আল জাজিরা। যার লেখক ছিলেন সংবাদ মাধ্যমটির ইংলিশ ডিজিটালের ইসলামাবাদ প্রতিনিধি আবিদ হুসাইন।
প্রতিবেদনে, আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের বাদ পড়া, নিরাপত্তার শঙ্কা ও বিকল্প ভেন্যুর আবেদন জানিয়ে আইসিসিকে বিসিবির চিঠি, বাংলাদেশের পক্ষে পিসিবির সমর্থন, আইসিসির বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ও স্কটল্যান্ডকে অন্তর্ভুক্তকরণ; সব বিবরণ তুলে ধরা হয়েছে।
বাংলাদেশকে সমর্থনের অংশ হিসেবে পাকিস্তান পরবর্তীতে কী ধরনের সিদ্ধান্ত নিতে পারে, এমন ব্যাখ্যায় প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘পাকিস্তানি গণমাধ্যমে পিসিবি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে—এমন খবর প্রকাশিত হলেও, এ বিষয়ে নাকভি এখনো তেমন কোনো ইঙ্গিত দেননি। শুক্রবার বা সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করা হচ্ছে। এছাড়া বাংলাদেশকে সমর্থনের প্রতীকী পদক্ষেপ হিসেবে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে ম্যাচটি পাকিস্তান বর্জন করতে পারে—এমন জল্পনাও চলছে।’
ধারণা করা হচ্ছে, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ জিতে সুপার-৮ নিশ্চিতের পর ভারতের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচটি বয়কট করবে পাকিস্তান।
এদিকে টেলিকম এশিয়া স্পোর্ট–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ খেললেও প্রতীকী কিছু পদক্ষেপ নিতে পারে পাকিস্তান। এর মধ্যে থাকতে পারে খেলোয়াড়দের কালো আর্মব্যান্ড পরে মাঠে নামা অথবা ম্যাচ শুরুর আগে একটি প্রকাশ্য বিবৃতি দেওয়া।
আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। তার আগে পাকিস্তান কী ধরনের সিদ্ধান্ত নেয়, সেটা দেখার অপেক্ষায় পুরো ক্রিকেট বিশ্ব।