কক্সবাজার রিপোর্ট
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র মামলার পলাতক আসামি নূর হাসেমকে (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।
গত ৫ নভেম্বর বিকেল তিনটা চল্লিশ মিনিটের দিকে এসআরবি-১৫ এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র আইনের মামলায় এজাহারভুক্ত ৩ নম্বর আসামি নূর হাসেমকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত নূর হাসেম কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খারাংখালী পূর্ব মহেশখালীয়াপাড়া এলাকার খুইল্লা মিয়ার ছেলে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্রধারী ও অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি-১৫ এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।